জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক তথ্যচিত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও অবদান যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
গতকাল বুধবার (৫ আগস্ট) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় তথ্যচিত্র প্রদর্শনের পর হট্টগোলের ঘটনায় রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে বিষয়টি উত্থাপিত হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত অতিথিদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং তথ্যচিত্রে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে তা দ্রুত সংশোধনের আশ্বাস দেন। প্রতিমন্ত্রীও এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন।
মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের যথার্থতা ও পূর্ণাঙ্গতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তথ্যচিত্রটি সংশোধন করে দ্রুত পুনরায় প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শিত তথ্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি, ৩ আগস্ট ঘোষিত এক দফা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার যথাযথ প্রতিফলন না হওয়া ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি, সংগঠন বা গণঅভ্যুত্থানে অবদান রাখা কোনো পক্ষের ভূমিকা খাটো করা, উপেক্ষা করা বা ইতিহাসের কোনো অংশ আড়াল করার উদ্দেশ্য মন্ত্রণালয়ের ছিল না। ইতোমধ্যে বিশেষজ্ঞ, গবেষক ও আন্দোলনের প্রতিনিধিদের মতামত নিয়ে তথ্যচিত্রটি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট সবার অবদান যথাযথ মর্যাদা ও ঐতিহাসিক সত্যতার সঙ্গে তুলে ধরা হবে। একই সঙ্গে এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জন্য আবারও দুঃখ প্রকাশ করে ইতিহাস সংরক্ষণে সবার গঠনমূলক মতামত ও সহযোগিতা কামনা করা হয়েছে।
জ/উ