জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৯নং ওয়ার্ডের উদ্যোগে পৌরসভার দানেজপুর ডিগ্রী কলেজ মাঠে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ওজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২ আগষ্ট) রবিবার বিকেলে এই নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধুরইল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ খালেক চৌধুরী লেবু।
পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। নির্বাচনী ইশতিহারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উন্নত পৌরসভা ও নাগরিক সেবা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। পৌরবাসীকে সঙ্গে নিয়ে আমি সকল উন্নয়নমূলক কাজ করব। আল্লাহ যদি আমাকে আপনাদের সহযোগিতায় নির্বাচিত করে তাহলে পৌরসভার পক্ষ থেকে প্রথমে আমি একটি পৌর ক্লিনিক স্থাপন করে পৌরবাসীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো।
শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই একটি স্বাস্থ্য কার্ড থাকবে। নারীদের উন্নয়নে প্রতিটি পরিবারে আমি একটি করে সেলাই মেশিন দিবো। যারা সেলাই মেশিন চালাতে না পারে তাদেরকে গবাদি পশু দেয়া হবে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষা সহ সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। আপনারা শুধু আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখুন আমি কি করতে পারি। আমি যদি আপনাদের কাঙ্খিত সেবা দিতে না পারি তাহলে পরবর্তীতে আমাকে আর ভোট দিবেন না। আমিও আর আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা শুধু আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, ৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সুমন হোসেন, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছা সেবক দলের সভাপতি প্রভাষক শাহাদাত হোসেন, যুবনেতা লিয়াকত আলী, ও বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ। সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৫ হাজারের অধিক নেতাকর্মী, জনগণ ও সমর্থকগন অংশগ্রহণ করেন। উপস্থিত লোকজনের মাঝে মেয়র প্রার্থী শামীম হোসেন এর পক্ষ থেকে প্রত্যেকের হাতে একটি করে বিরিয়ানি প্যাকেট বিতরণ করা হয়।