সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) বিকেলে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
পুলিশ জানায়, গত শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলায় সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আনুমানিক ২০-২৫ জন নেতাকর্মী অংশ নেন।
অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম বলেন, ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জ/দি