নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে আনুমানিক ২৭ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল রোববার (২ আগস্ট) রাতে নাসিকের ৫ নম্বর ওয়ার্ডের সাইলো ঘাট এলাকায় বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে মরদেহটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ২ থেকে ১ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
জ/উ