বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গতকাল শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্টে ঢাকা বিভাগে কর্মরত জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা আদালত পরিচালনায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা, বাজেট বৃদ্ধি, আদালতের অবকাঠামো উন্নয়ন, এজলাস ও রেকর্ডরুম সংকট, মালখানা ও আবাসন সমস্যা উল্লেখযোগ্য।
তারা আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বিচারিক কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন সমস্যার সঙ্গে একমত পোষণ করেন এবং বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাইজেশন, বিচারকদের নিরাপত্তা, দেশি-বিদেশি প্রশিক্ষণ, প্রতিটি জেলা আদালতে মেডিকেল সেন্টার ও ডে-কেয়ার সেন্টার স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে। এছাড়া স্পিচ-টু-টেক্সট সফটওয়্যার চালু ও বিচারকদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জ/উ