স্ত্রী কর্মক্ষেত্রে সফল হোক, ভালো অবস্থানে পৌঁছাক-এমন প্রত্যাশা অনেক পুরুষের থাকলেও সেই সাফল্য নিজের অবস্থানকে ছাড়িয়ে যাক, তা তাঁরা চান না বলে মনে করেন অভিনেত্রী দীপা খন্দকার। তাঁর মতে, অধিকাংশ পুরুষই চান তাঁদের স্ত্রী ভালো কিছু করুক, তবে স্বামীর চেয়ে ভালো অবস্থানে নয়।
সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত জীবন, বিয়ে ও দাম্পত্য সম্পর্কের নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।
পডকাস্টে দীপা বলেন, ‘আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক কিন্তু আমার চেয়ে ভালো না।’
শুধু বিনোদন অঙ্গনেই নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রেও একই ধরনের মানসিকতা রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ‘সেটা শিল্পী বলে না, সেটা প্রত্যেকটা জায়গায়।’
আলোচনায় নিজের বিয়ের একটি প্রসঙ্গও তুলে ধরেন দীপা। তিনি বলেন, ‘আমার মনে আছে, একবার একজনের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। ডাক্তার আমেরিকায় থাকেন। আমি তখন আমার মাকে জিজ্ঞেস করছিলাম, ওই ভদ্রলোকের সঙ্গে আমি কী নিয়ে কথা বলব বিয়ের পরে?’
তবে ব্যক্তিত্বের সংঘাত শুধু গণমাধ্যমে কাজ করা মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, যেকোনো পেশা ও সম্পর্কেই এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও সময়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
জ/দি