তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্যাভিলিয়নে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। পরিবেশ সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নটি পরিদর্শনে যান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন। এ সময় কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাদের আগ্রহের বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে তারা আগ্রহী।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন ছোটখাটো সামগ্রী, জুতা ও ব্লেজারসহ মোট ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট সম্ভাবনাময়।
তারা আরও জানান, বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করে পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তাঁদের অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জ/দি