দেশের গ্যাস সরবরাহ বাড়াতে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। ১৫ থেকে ২০ বছর মেয়াদি এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মাধ্যমে বিদ্যমান চুক্তির পাশাপাশি নতুন সরবরাহকারীর কাছ থেকেও গ্যাস কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ওমানের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে তিন কার্গো এলএনজি আনা হবে দেশটির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায়। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এসব এলএনজি আমদানি করা হবে।
অন্যদিকে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও সম্মতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম নির্ধারণ করা হয়েছে। তবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
এলএনজি আমদানির পাশাপাশি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। এ লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) জিটুজি পদ্ধতিতে প্রকল্পটির প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে এ ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
এফএসআরইউ বা ভাসমান টার্মিনালে জাহাজের মাধ্যমে আমদানি করা এলএনজি সংরক্ষণ করা হয়। পরে সেই এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। তাই এলএনজি আমদানির পাশাপাশি এ ধরনের টার্মিনালের সক্ষমতাও দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।
ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির পাশাপাশি মহেশখালীতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ দেশের আমদানিনির্ভর গ্যাস সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ।
জ/দি