জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আরও ঋণ নয়, বরং অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন ঋণ এসব দেশের ঋণের বোঝা আরও বাড়িয়ে দেয়। তাই আর্থিক সহায়তার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজনের জন্য জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা উচিত। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের সম্মুখসারির দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সময় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগও উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, সরকার পরিবেশবান্ধব শিল্পের বিকাশে কাজ করছে। এর অংশ হিসেবে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার প্রসার এবং পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো হচ্ছে। কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।
আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা।
এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা সম্ভব হবে বলে জানান তিনি।
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে তারেক রহমান বলেন, এই ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রস্তাবিত পাঁচটি পদক্ষেপ হলো-
প্রথমত: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টায় সহায়তা দিতে হবে।
দ্বিতীয়ত: জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের মতো জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
তৃতীয়ত: পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।
পঞ্চমত: কপ-৩১ সম্মেলনে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের লক্ষ্যে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এ উদ্যোগের মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনের পথ সুগম হবে।
জ/দি