যাত্রীসেবায় নতুন সুবিধা যুক্ত করতে দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ উদ্যোগের আওতায় নভোএয়ারের যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা নিতে পারবেন।
নভোএয়ারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইফস্টাইল ও ফ্যাশন প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল এবং ইলেকট্রনিকস প্রতিষ্ঠানসহ বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানে এ সুবিধা পাওয়া যাবে।
ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে যাত্রীরা অংশীদার প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এসব সুবিধা উপভোগ করতে পারবেন।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, ‘দেশে প্রথমবারের মতো বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম চালুর মাধ্যমে আমরা যাত্রীদের ভ্রমণের বাইরেও কিছু সংযোজন করার চেষ্টা করছি। ভ্রমণ শেষেও সম্মানিত যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’
জ/দি