দেশের গ্যাস উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। কূপ দুটি থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। উৎপাদিত গ্যাসের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা কমিশন জানায়, একনেক সভায় গ্যাস কূপ খননসংক্রান্ত একটি প্রকল্প উপস্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সভার আলোচ্যসূচিতে মোট ১৪টি এজেন্ডা ছিল।
প্রকল্প অনুযায়ী, তিতাস গ্যাসক্ষেত্রে প্রথম বছরের মধ্যেই একটি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই গ্যাস পাওয়া যেতে পারে। দৈনিক ৩ কোটি ঘনফুট উৎপাদন ধরে আগামী ১০ বছরে কূপ দুটি থেকে মোট ১০ হাজার ৭৪ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্যাসের পাশাপাশি কূপ দুটি থেকে ৬০ হাজার ব্যারেলের বেশি কনডেনসেট বা তরল পেট্রোলিয়াম পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় প্রকৌশলসংক্রান্ত কাজ ও রিগ ফাউন্ডেশন নির্মাণের দায়িত্ব দেওয়া হবে তৃতীয় পক্ষকে। এসব কাজে দেশি-বিদেশি পরামর্শকরাও যুক্ত থাকবেন।
জ/দি