শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-02T12:28:32+06:00
2026-11-02T12:28:32+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:২৮ পিএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে একটি পক্ষ ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। সীমান্তের ওপারের ইশারায় তারা দেশে অস্থিরতা তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। যারা শ্রমিক আন্দোলনের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে কিছু পতিত শক্তির দোসর রয়েছে। গত কয়েক দিনে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা দেখা গেছে, সেখানে কোনো শ্রমিক ভাইবোন জড়িত ছিলেন না। ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

এ সময় ডিসেম্বর মাস নিয়ে বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে।’

তিনি আরও বলেন, কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরতে চাইলে দ্রুত প্রত্যাবর্তন করতে পারেন। তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে।

পলাতক আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা ডিসেম্বর নিয়ে নানা কথা বলছেন। দেশে ফিরতে চাইলে আজই প্রবেশ করতে পারেন। তাঁদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে। ডিসেম্বর নিয়ে বারবার বক্তব্য দিয়ে তাঁরা মূলত পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত