ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। আজ সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রবিবার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সম্প্রতি ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এ ঘটনায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। পরে মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। এরপর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
জ/উ