স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ চান রাষ্ট্রপতি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্স, টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা দ্রুত করতে হবে।

2026-11-02T09:03:17+06:00
2026-11-02T09:03:17+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ চান রাষ্ট্রপতি
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:০৩ এএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসক নিয়োগের পাশাপাশি নার্স, টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা দ্রুত করতে হবে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ও এজিএম-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। এ সংকট মোকাবিলায় দ্রুত চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে হাসপাতালগুলোতে নার্সের ঘাটতি রয়েছে। পাশাপাশি টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে।

যন্ত্রপাতি থাকলেও নেই পরিচালনার জনবল

হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম আনা হলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল পাওয়া যায় না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডায়ালিসিসের জন্য মেশিন কেনা হলেও লোকবলের অভাবে অনেক ক্ষেত্রে সেগুলো অব্যবহৃত পড়ে থাকে। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অতীতেও বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে, যার অনেকগুলো এখনো বিভিন্ন স্থানে বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে।

রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা যন্ত্রপাতি নিয়ে আসবেন, কিন্তু সেগুলো পরিচালনার জন্য লোক থাকবে না, এমন হলে চলবে না।’

চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হবে।

গ্রামীণ স্বাস্থ্যসেবার মান বাড়ানোর আহ্বান

দেশের গ্রামীণ জনগোষ্ঠী এখনো প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, জেলা সদর হাসপাতালগুলোতেও অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।

এসব মৌলিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই দরিদ্র ও সাধারণ মানুষের জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে একটি কার্যকর ও উপযুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

এ সময় চিকিৎসকদের আরও মানবিক ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের সব নাগরিকের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি জাতীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ

বক্তব্যে দেশের চিকিৎসা খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বর্তমান সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করার অঙ্গীকারের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যের আগে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সদস্য-সচিব অধ্যাপক ডা. হাসান জাফর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম এম রফিকুল ইসলাম বাচ্চু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

জ/শা


  বিষয়:   রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত