বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে নতুন ম্যাকবুক উপহার দিয়েছেন ব্যবসায়ী মুক্তি মাহমুদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী এই তরুণের হাতে ম্যাকবুকটি তুলে দেওয়া হয়।
হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে নিজেকে রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে যান ক্রিল। ফিরে এসে ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি তিনি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন। এ ঘটনায় নাটোর সদর থানা পুলিশকে জানান তিনি। পরে থানায় বসে কান্নারত অবস্থায় তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর গত বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন ক্রিল। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে মর্মাহত হন ব্যবসায়ী মুক্তি মাহমুদ। নিজের ছেলের কথা মনে করে জার্মান তরুণটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। পরে শাওন নামে এক ব্যক্তির মাধ্যমে ক্রিলের সঙ্গে যোগাযোগ করে তাঁকে একটি ম্যাকবুক উপহার দেন মুক্তি মাহমুদ।
মুক্তি মাহমুদ রাজধানীর জিগাতলায় বসবাস করেন। তিনি আনজুমান ডিজাইনারস লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক।
নিজের উদ্যোগের বিষয়ে মুক্তি মাহমুদ বলেন, বাংলাদেশে বেড়াতে এসে একজন বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হওয়ার ঘটনা দেশের জন্য বিব্রতকর। তাঁর নিজের ছেলেও বিদেশে পড়াশোনা করে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই ক্রিলকে সহায়তা করার সিদ্ধান্ত নেন তিনি। বাংলাদেশ ছাড়ার আগে তরুণটি যেন কিছু ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।
নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার। এটি ব্যবহার করে আবারও নিজের কাজ শুরু করতে পারবেন বলে জানান তিনি।
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন ক্রিল। সেটি চুরি হয়ে যাওয়া দুঃখজনক। তবে একজন ব্যক্তি নিজ উদ্যোগে তাঁকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এর মাধ্যমে দেশের সম্মান কিছুটা হলেও ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।
পুলিশ আরও জানিয়েছে, নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে।
জ/শা