মাঠপর্যায়ে পরিদর্শনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তা

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-10-06T15:48:12+06:00
2026-10-06T15:48:12+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
শিক্ষা
মাঠপর্যায়ে পরিদর্শনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তা
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৪৮ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়। গত ২৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে কর্মকর্তাদের নামের বিপরীতে নির্ধারিত উপজেলা ও থানার তালিকাও প্রকাশ করা হয়েছে। আদেশ অনুযায়ী, আগামী ৫ নভেম্বরের মধ্যে কর্মকর্তাদের নির্ধারিত এলাকায় সরেজমিন পরিদর্শন শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে।

অফিস আদেশে বলা হয়েছে, মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকসহ অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন। এ ছাড়া অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট উপজেলা ও থানার তালিকা করা হয়েছে। এতে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলার উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাঠপর্যায়ে যাওয়ার আগে কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের পরিচালকের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। পরিচালকেরা তাদের অধীন কর্মকর্তাদের পর্যায়ক্রমে মাঠপর্যায়ে পরিদর্শনের জন্য কর্মস্থল ত্যাগের অনুমতি দেবেন।

অফিস আদেশ অনুযায়ী, উপবৃত্তি বিভাগের কর্মকর্তারা নির্ধারিত ট্যুর ব্যবস্থার মাধ্যমে তাদের নামের পাশে উল্লেখ করা উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট এলাকার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। এসব বিদ্যালয়ের মধ্যে একটি শহর ও দুটি গ্রামীণ বিদ্যালয় বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেখানে সরেজমিনে দুই দিন অবস্থান করে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে হবে।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের নির্ধারিত উপজেলা বা থানার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। এর মধ্যে একটি শহর ও একটি গ্রামীণ বিদ্যালয় বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে নির্বাচন করে সেখানে এক দিন অবস্থান করে সরেজমিন পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে। পরিদর্শন শেষ হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদনটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। এ ছাড়া প্রতিবেদন জমা দেওয়ার প্রমাণক কপি টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, কর্মকর্তারা নিজ নিজ বেতন খাত থেকে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী টিএ/ডিএ পাবেন। অধিদপ্তরে সংযুক্তিতে কর্মরত কর্মকর্তাদের টিএ/ডিএ বিল মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাসুদ হোসেন গত সোমবার (৫ অক্টোবর) এ অফিস আদেশে স্বাক্ষর করেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত