জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত কোনো জরিমানা ছাড়াই শুধু মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। এর আওতায় ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট রয়েছে। একই সুবিধায় ড্রাইভিং লাইসেন্সও নবায়ন বা হালনাগাদ করা যাবে।
বিআরটিএ জানিয়েছে, গ্রাহকদের শেষবারের মতো এই সুযোগ দেওয়া হয়েছে। তাই আগামী ২৯ অক্টোবরের মধ্যে মোটরযানের সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ব্যবস্থা
এর আগে জারি করা এক বিজ্ঞপ্তিতে মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী কোনো মোটরযান বিক্রির পর এর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি সড়ক ও মহাসড়কে ব্যবহার করছেন। এর ফলে বিক্রেতাকে বিভিন্ন ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে।
মালিকানা পরিবর্তন না করায় পুরোনো মালিককেই সংশ্লিষ্ট মোটরযানের জন্য নির্ধারিত অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে বিক্রেতারা অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
বিআরটিএ জানিয়েছে, বর্তমানে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত করা হয়েছে। অনলাইনে (bsp.brta.gov.bd) আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে ক্রেতা বা নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।
এ অবস্থায় সংশ্লিষ্ট সব মোটরযান মালিক ও ক্রেতাকে দ্রুত মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায় নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটা শুরু
সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটার কার্যক্রমও শুরু করেছে বিআরটিএ।
সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১-এর উপধারা (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইন অমান্য বা বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ড কিংবা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে অতিরিক্ত হিসেবে দোষসূচক পয়েন্ট কাটা হচ্ছে।
জ/উ