মিউজকে বিভিন্ন ডিভাইসে যুক্ত করতে মেটার নতুন উদ্যোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-10-03T18:43:11+06:00
2026-10-03T18:43:11+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
মিউজকে বিভিন্ন ডিভাইসে যুক্ত করতে মেটার নতুন উদ্যোগ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ৬:৪৩ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
মেটার ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘মিউজ’কে বিভিন্ন ধরনের ডিভাইসের সঙ্গে যুক্ত করার সুযোগ দিতে নতুন প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি। ‘মিউজ গ্যাজেটস’ নামের এই প্রকল্পের আওতায় নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা মিউজের সঙ্গে সংযুক্ত নিজস্ব ডিভাইস তৈরি করতে পারবেন।

গতকাল শুক্রবার প্রকল্পটি চালুর ঘোষণা দেয় মেটা। এতে উন্মুক্ত উৎসের ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং লিনাক্সভিত্তিক সফটওয়্যার উন্নয়ন সরঞ্জাম রাখা হয়েছে। মিউজের সঙ্গে কী ধরনের ডিভাইস যুক্ত করা সম্ভব, তার কয়েকটি নমুনাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

মেটার তথ্য অনুযায়ী, মিউজের সঙ্গে রঙিন ইলেকট্রনিক কাগজের পর্দা যুক্ত করা যাবে। টেলিভিশনের এইচডিএমআই পোর্টে সংযুক্ত করা যায়-এমন ডিভাইসও তৈরি করা সম্ভব হবে। এ ছাড়া কম দামের রাসবেরি পাই বা ইএসপি৩২ বোর্ড ব্যবহার করেও মিউজের সঙ্গে বিভিন্ন ধরনের ডিভাইস যুক্ত করা যাবে।

এসব ডিভাইসে পর্দা, বোতাম, বিভিন্ন ধরনের সেন্সর ও নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করার সুযোগ থাকবে। প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহীদের সহায়তা দিতে মেটা একটি ডিসকর্ড চ্যানেলও চালু করেছে।

মেটা নিজেও প্রকল্পটির আওতায় একটি ডিভাইসের নমুনা তৈরি করেছে। প্রতিষ্ঠানটির সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যান জানিয়েছেন, ‘মিউজ হোম লিংক’ নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছে। ইউএসবি-সি সংযোগের এই ডিভাইসের মাধ্যমে মিউজকে ঘরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যায়। এরপর ওই নেটওয়ার্কে থাকা স্মার্ট টেলিভিশন, স্পিকারসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে মিউজ যোগাযোগ করতে পারে।

মেটা ‘মিউজ হোম লিংক’-এর ৫ হাজার ইউনিট তৈরি করেছে। মিউজের গ্রাহকদের মধ্যে সরবরাহ থাকা পর্যন্ত বিনামূল্যে ডিভাইসগুলো দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে নাট ফ্রিডম্যানের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিভাইসটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে।

মিউজ গ্যাজেটস প্রকল্পটি সাধারণ ব্যবহারকারীদের মধ্যে কতটা জনপ্রিয় হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এই উদ্যোগের মাধ্যমে মিউজকে শুধু একটি স্বতন্ত্র এআই সহকারী হিসেবে নয়, বরং বিভিন্ন ডিভাইস ও সেবার সঙ্গে সংযুক্ত একটি ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চাইছে মেটা।

এরই মধ্যে ছোট ব্যবসার জন্য মিউজের নতুন একটি সংস্করণও চালু করেছে মেটা। এতে শপিফাই, ড্রপবক্স ও স্ল্যাকের মতো বিভিন্ন সেবার সঙ্গে মিউজকে যুক্ত করা যায়। পাশাপাশি ব্যবসায়িক ও করপোরেট গ্রাহকদের জন্য এআই সেবা সম্প্রসারণে নতুন একটি ব্যবসায়িক ইউনিটও চালু করেছে প্রতিষ্ঠানটি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত