আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকলেও শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে এর মেয়াদে রয়েছে পার্থক্য। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোথাও ছুটির সময় বেড়েছে। এবার দুর্গাপূজায় কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সর্বোচ্চ ১৪ দিন, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে ১০ দিন এবং মাদ্রাসায় ৫ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট পাঁচ দিন। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে।
এতে দুর্গাপূজা উপলক্ষে স্কুলে টানা নয় দিনের ছুটি হচ্ছে। এর সঙ্গে ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি পাবেন। অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির মেয়াদ আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ছুটির আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ছুটির মেয়াদ দাঁড়াচ্ছে ১৪ দিন।
মাদ্রাসায় ছুটি ৫ দিন
মাদ্রাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলকভাবে কম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন দুর্গাপূজার ছুটি থাকবে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৫ দিনের ছুটি পাবেন।
এক নজরে ছুটির হিসাব (শিক্ষাপ্রতিষ্ঠান-ছুটির মেয়াদ)
কলেজ ও উচ্চমাধ্যমিক - ১৪ দিন, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল - ১০ দিন, মাদ্রাসা - ৫ দিন।
অর্থাৎ, এবারের দুর্গাপূজার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে স্পষ্ট পার্থক্য থাকছে। সবচেয়ে বেশি ছুটি থাকছে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে, আর সবচেয়ে কম ছুটি মাদ্রাসায়।
জ/উ