পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির অন্যতম প্রধান ফুটবল তারকাকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করতে সতীর্থদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ শেষে রোনালদোকে নিয়ে প্রশ্নের মুখে এমন পরিস্থিতিরই মুখোমুখি হয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার রেনাতো ভিগা।
কোপেনহেগেনে ডেনমার্ককে ৪-২ গোলে হারানোর পর ম্যাচ শেষে মিক্সড জোনে রোনালদোকে নিয়ে ভিগাকে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের নির্দেশনার কথা জানিয়ে এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।
জানা গেছে, কোচ জর্জ জেসুসের একাদশ নির্বাচন নিয়ে মতবিরোধের জেরে রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পরই সতীর্থদের এ বিষয়ে প্রকাশ্যে কথা না বলার নির্দেশ দেওয়া হয়।
ডেনমার্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন ভিগা। তিনি বলেন, ‘অত্যন্ত কঠিন একটি মাঠে খুব শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এটি একটি চমৎকার ও পূর্ণাঙ্গ পারফরম্যান্স ছিল। আমরা এর আগেও এখানে খেলেছি এবং বেশ ভুগেছি। দলগতভাবে এটি আমাদের দিক থেকে দারুণ এক ম্যাচ ছিল। তবে এটিই আমাদের সেরা খেলা কি না, তা জানি না; কারণ আমরা টানা তিনটি দুর্দান্ত ম্যাচ খেলেছি। এই আন্তর্জাতিক বিরতি শেষ করতে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে।’
এরপর রোনালদোকে নিয়ে প্রশ্ন করা হলে পাশে থাকা ফেডারেশনের প্রেস অফিসারের দিকে তাকান ভিগা। পরে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং সে জানে তার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রয়েছে। কিন্তু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারব না, তাই…।’
সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করলেও শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে আসেননি ভিগা। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সত্যিই এ নিয়ে কথা বলতে পারব না, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো মন্তব্য করতে পারছি না।’
জাতীয় দলের হয়ে নিজের দায়িত্ব ও গর্বের কথাও তুলে ধরেন এই ডিফেন্ডার। তিনি বলেন, ‘নরওয়ে ম্যাচের আগেও যেমনটা বলেছিলাম, ক্লাব হোক বা জাতীয় দল—নিজের সেরাটা উজাড় করে দিতে আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি। আমার মতে, সেলেসাওদের হয়ে মাঠে নামাই একজন ফুটবলারের জীবনের সবচেয়ে বড় সম্মান—বিশেষ করে একজন পর্তুগিজের জন্য। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর প্রতিটি সুযোগকে আমি পরম গর্বের সঙ্গে দেখি এবং নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে কাজ করে যাব।’
কোচ জেসুসের অধীনে দলের কৌশলগত পরিবর্তন নিয়েও কথা বলেন ভিগা। তিনি বলেন, ‘আমরা এর আগেও এই মাঠে খেলেছি এবং ম্যাচটি মোটেও সহজ ছিল না, তাই আজকের (গতকাল) এই জয়ের গুরুত্ব অনেক বেশি।’
ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের জয় পর্তুগালকে স্বস্তি দিলেও রোনালদোকে ঘিরে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে রোনালদোর সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্ক, শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানালেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি রেনাতো ভিগা।
জ/উ