বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও বাস্তবমুখী দক্ষতায় দক্ষ করে তুলতে হবে। এতে দেশীয় শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
নাটোরের গুরুদাসপুরে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কাছিকাটা এলাকার আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটে এ সেমিনারের আয়োজন করা হয়।
আরডিও পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, নেদারল্যান্ডসের পিইউএম এক্সপার্ট ডেনিস গো-ফেইজ, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান, আরডিওর চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার এফ. এম. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বজলুর রহমান।
আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী শিক্ষা এবং আধুনিক শ্রমবাজারের উপযোগী জনশক্তি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী কর্মসংস্থানের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা জরুরি। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।
সেমিনারে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, ব্যবহারিক শিক্ষা এবং শ্রমবাজারের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জ/উ