গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে টেলিভিশন সাংবাদিকদের অন্যতম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকালে বিজেসির বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সদস্য সচিব ইলিয়াস হোসেন।
বিজেসির স্বাস্থ্যবীমাসহ সাংবাদিকদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সমাজে ন্যায়বিচার, সত্য ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্ষমতার অপব্যবহার রোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎকালে বিজেসির প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি তালাত মামুন, নির্বাহী জান্নাতুল ফেরদৌসী মানু, সাইফুল শাহীন, নায়লা পারভীন পিয়া, সদস্য মাহমুদ হাসান, আজিজুর রহমান কিরণ, শরিফুল ইসলাম খান ও বেলায়েত হোসেন।
জ/উ