তোপের মুখে পদত্যাগ করলেন বিএনপির এমপি মিষ্টি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

শপথ নেয়ার পাঁচ মাসের মাথায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

2026-10-02T11:52:26+06:00
2026-10-02T11:52:26+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
রাড্ডায় হামলা ও লুট:
তোপের মুখে পদত্যাগ করলেন বিএনপির এমপি মিষ্টি
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:৫২ এএম | ২ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
তোপের মুখে পদত্যাগ করলেন বিএনপির এমপি মিষ্টি
শপথ নেয়ার পাঁচ মাসের মাথায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

স্পিকারের কাছে ফেরদৌসী আহমেদ যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেখানে তিনি ‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ পদত্যাগ করার কথা বলেছেন। তবে সুনির্দিষ্টভাবে কোনো কারণ উল্লেখ করেননি। 

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয়া হয়। দীর্ঘদিন ‘সমমনা দোকান মালিক সমিতি’র ব্যানারে রাড্ডার জায়গা দখলে নেয়ার চেষ্টা করা হয়। পাঁচ দশকের বেশি সময় ১০ কাঠা ওই জায়গার ওপর শিশু ও মাতৃসেবা দিয়ে আসছে রাড্ডা। সেই স্বাস্থ্যকেন্দ্রে হামলার সঙ্গে ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠে। হামলা-লুটপাটে জড়িত অনেকে মিষ্টিসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতার অনুসারী। যদিও মিষ্টি শুরু থেকে এ ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

রাড্ডায় হামলার ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিএনপির ওই নারী এমপির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গতকাল ওই নারী এমপি পদত্যাগ করেছেন।   

সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়ে দেয়া হয়েছে। বার্তা পাওয়ার পরদিন গতকাল পদত্যাগ করলেন তিনি।

দলীয় ও সরকারি সূত্রে জানা গেছে, এর আগে গত মঙ্গলবার ফেরদৌসী আহমেদ মিষ্টিকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। তিনি রাড্ডার ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে জানতে চান। মিষ্টি তাঁর অবস্থান ব্যাখ্যা করেন। পরে গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে তাঁকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, পৃথক ঘটনায় গত মঙ্গলবার একই সময় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-প্রকাশনা সম্পাদক ও কৃষিবিদ কে আই এফ সবুরকে ডেকে নেন প্রধানমন্ত্রী। নয়ন ও সবুর সারের ডিলারশিপ নিয়ে কৃষি সচিবের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। এর জন্য নয়ন ও সবুরকে সতর্ক করা হয়েছে। 

দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক নানা নেতিবাচক ঘটনায় যাদের নাম আসছে তাদের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর অবস্থান নিয়েছেন। এ নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। এর আগে সরকারের নির্দেশনায় পুলিশের অপরাধ পর্যালোচনা সভা থেকে পুলিশের মহাপরিদর্শক কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, অপরাধে যুক্ত হলে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।       

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাড্ডার ঘটনার পর গত বুধবার রাতে মহানগর উত্তরের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই দিন ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কারের ঘোষণা আসে।

ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর ছোট বোন। হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন পিন্টু। পরে তিনি সভাপতির দায়িত্ব পান। ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় ২০০১ সালের নির্বাচনে ঢাকার লালবাগ-কামরাঙ্গীরচর আসন থেকে এমপি নির্বাচিত হন পিন্টু। তবে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে তৎকালীন সরকার। 

মিষ্টির স্বামী প্রয়াত সাইদুর রহমান নিউটন বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি ঢাকার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার (কাউন্সিলর) ছিলেন। ২০০২ সালে ধানমন্ডিতে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। স্বামীর মৃত্যুর পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। এবার তিনি দল থেকে সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন। 

গতকাল বিকেলে সংসদ ভবনে এক ব্রিফিংয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ‘ফেরদৌসী আহমেদ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়েছেন। সংবিধান মোতাবেক পদত্যাগ করামাত্র তাঁর আসনটি শূন্য হয়ে গেছে। অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব। গতকাল থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’

গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের স্পিকারের দপ্তরে যান ফেরদৌসী আহমেদ মিষ্টি। পাঁচ মিনিট পর ১টা ৪৫ মিনিটে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। বের হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকরা তাঁর কাছে পদত্যাগের বিষয়ে জানতে চান। মিষ্টি বলেন, ‘স্পিকার ডেকেছেন। স্পিকারের সঙ্গে কথা বলতে আসছি।’ তিনি বলেন, ‘তদন্ত হোক। তদন্তে যা হবে সেটাই হবে। আমাকে স্পিকার ডেকেছেন, আমি স্পিকারের সঙ্গে কথা বলতে আসছি।’ পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, সেটাই হবে।’ আর কোনো প্রশ্নের জবাব না দিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে যান তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংরক্ষিত আসনের এমপির পদত্যাগ ও কমিটি বাতিলের সিদ্ধান্তটি সময়োপযোগী। তবে এটিকে কেবল অস্থায়ী বা বিচ্ছিন্ন প্রতিক্রিয়া হিসেবে নয়, সব রাজনৈতিক দলের ব্যাপক আত্মশুদ্ধিমূলক কর্মপরিকল্পনার সূচনা হিসেবে দেখা উচিত। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে সব জনপ্রতিনিধির জন্য যুগোপযোগী ও কঠোর নৈতিক আচরণবিধি প্রণয়ন করতে হবে।

গতকাল বিকেলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী মিষ্টির আসনটি শূন্য ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ আসন (নারী আসন-২৩) সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে। মিষ্টির শূন্য হওয়া আসনটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ করেছে সংসদ সচিবালয়।’

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল বিকেলে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে। শিগগিরই তপশিল ঘোষণা করা হবে। একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে। একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

দেশে অপরাধ সংঘটিত হলে কাউকে কোনো বার্তা দেয়ার জন্য নয়, অপরাধকে অপরাধ হিসেবে বিবেচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেখানেই অপরাধ হচ্ছে, সেখানেই অভিযোগ গ্রহণ, মামলা, তদন্ত ও গ্রেপ্তারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগপত্রে তাঁর নাম এলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনি প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হলে তাঁকে আইনের আওতায় আসতে হবে। 

‎রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয়ার ঘটনায় জড়িত অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর মিরপুর ও পুরান ঢাকার বাবুবাজার এলাকা থেকে দুজনকে এবং ঢাকার আশুলিয়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সাইফুল ইসলাম খোকন, মো. আলম ও শহিদুল। গতকাল দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহ আলী থানার ওসি মো. রাজীব। এদের মধ্যে সাইফুল ইসলাম খোকন শাহ আলী থানা বিএনপির সদস্য। আলম ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, হামলায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 

লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। এ ঘটনায় জড়িত অনেকে গা-ঢাকা দিয়েছেন। 

পুলিশের একটি সূত্রে জানা যায়, ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মো. হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব ‎মোস্তফা জগলুল পাসা পাপেলসহ আরও অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতাকর্মীসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ঘটনায় শাহ আলী থানা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন সজীব, ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার আলম খান সেলিম, সহসভাপতি ইলিয়াস, শাহ আলী থানা শ্রমিক দলের সদস্য সচিব আওলাদ হোসেন রুবেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ৯৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের কর্মী হারুনসহ আরও অনেকে হামলায় জড়িত। হানিফ মিয়া, পাপেল, লেলিন এবং বহিষ্কার হওয়াসহ জড়িত অনেকেই এখন গা-ঢাকা দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের আগে রাত ১২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে লেলিনের কার্যালয়ের সামনে লোকজন জড়ো হন। পরে তারা স্বাস্থ্যকেন্দ্রের দিকে যান। ঘটনাস্থলের পাশে আন-নূরী জামে মসজিদের পাশের ৬/৬ নম্বর সড়কের একটি ফুটেজে ঘটনার সময় একটি সাদা মাইক্রোবাস ও সেই সময় স্থানীয় শাহ আলী থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিমসহ হাতে লাঠিসহ কয়েকজনকে দেখা যায়। হামলা ও ভাঙচুরের সময় মো. হানিফ মিয়া, মোস্তফা জগলুল পাশা ওরফে পাপেল, আবুল কালাম আজাদ ওরফে লেলিন সাদা মাইক্রোবাসে ঘটনাস্থলের আশপাশে ঘুরে নির্দেশনা দেন। 

স্থানীয় বিএনপির একাধিক সূত্রে জানা যায়, বহিষ্কার হওয়া শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমান, অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সদস্য হুজাইফা সদ্য পদত্যাগ করা এমপি মিষ্টির অনুসারী। তাদের হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আর রাড্ডার ঘটনায় করা মামলার একমাত্র আসামি হানিফ মিষ্টির মামাশ্বশুরের ছেলে। ৫ আগস্টের পর মিষ্টি মিরপুর ১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্স সোসাইটির সভাপতি হয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বহিষ্কার হওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন, সদস্য সচিব মো. হাফিজুর রহমান, দারুস সালাম শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ, শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুস সালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্য সচিব ওমর নাঈম স্থানীয় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব ‎মোস্তফা জগলুল পাশা পাপেলের অনুসারী। পাপেল সংরক্ষিত নারী আসনের এমপি সানজিদা ইসলাম তুলির সঙ্গে রাজনীতি করেন। গত শনিবার সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ঘটনাস্থল পরিদর্শনের সময় মোস্তফা জগলুল পাশা পাপেল সঙ্গে ছিলেন। এ সময় শাহ আলী থানা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন সজিবও সঙ্গে ছিলেন।

হামলা ও ভাঙচুরের ষষ্ঠ দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যক্রম। ধ্বংসাবশেষ ও ভাঙা স্থাপনার মাঝেই চলছে মেরামত ও সংস্কারকাজ। গতকাল বৃহস্পতিবার সীমিত পরিসরে দুটি কক্ষে রোগীদের সেবা চলছে। এদিকে কেন্দ্রের বিভিন্ন অংশে ভাঙা দেয়াল, বারান্দা ও আধা দেয়াল পুনর্নির্মাণ, প্লাস্টার, বৈদ্যুতিক সংযোগ ও পাখা লাগানোর কাজ চলছে। নতুন জানালায় লোহার গ্রিল বসানো হয়েছে। সামনের টিনের ছাউনিও সংস্কার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে পড়ে থাকা কংক্রিট ও ভাঙা কাঠামো সরানোর কাজও চলছে।

রাড্ডার কর্মকর্তারা জানান, গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশু ‎টিকাদান ও মায়েদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে। সরকারি টিকাদান কর্মসূচির টিকা এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির টিকা দেয়া হচ্ছে। গতকাল টিকাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে ৭৫ জনকে।

ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান গতকাল ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, ফুটেজে শনাক্ত শুটার লেলিন ও হামলার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ হানিফ এখনও গ্রেপ্তার হননি। হামলাকারীদের বিচার ও হাসপাতাল পুনর্নির্মাণের দাবি জানান তিনি।


জ/রা


  বিষয়:   পদত্যাগ  এমপি  সংসদ সদস্য  বিএনপি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত