ফ্রান্সের একটি আন্তর্জাতিক আয়োজনে আবারও আলোচনায় এসেছেন সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আইফেল টাওয়ারের সামনে একটি প্রসাধনী প্রতিষ্ঠানের জমকালো অনুষ্ঠানে জনপ্রিয় গায়িকা সেলিন ডিওন ও অভিনেত্রী সিমন অ্যাশলের সঙ্গে তার প্রাণবন্ত মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
দীর্ঘদিন বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও আন্তর্জাতিক অঙ্গনে ঐশ্বরিয়ার উপস্থিতি প্রায়ই দর্শকদের আগ্রহ তৈরি করে। সর্বশেষ ২০২৩ সালে মণি রত্নম পরিচালিত ‘পোনিয়িন সেলভান: টু’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি একটি নামী প্রসাধনী প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নিতে ফ্রান্সে যান এই অভিনেত্রী। আইফেল টাওয়ারের সামনে অনুষ্ঠিত ওই আয়োজনে সেলিন ডিওন ও সিমন অ্যাশলের সঙ্গে ঐশ্বরিয়ার আন্তরিক সময় কাটানোর দৃশ্য নজর কেড়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে উঠে নিজের জনপ্রিয় গান ‘আই অ্যাম অ্যালাইভ’ পরিবেশন করেন সেলিন ডিওন। দীর্ঘ বিরতির পর বড় মঞ্চে তার এই পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে আবেগ তৈরি করে। এ সময় ক্যামেরায় ধরা পড়ে ঐশ্বরিয়ার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াও। তার পাশে বসে সিমন অ্যাশলেকে ঐশ্বরিয়ার হাত ধরে মনোযোগ দিয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।
গান শেষ হওয়ার পরপরই সেলিন ডিওনের কাছে এগিয়ে যান ঐশ্বরিয়া। তিনি সেলিনকে উষ্ণ আলিঙ্গন করেন এবং চুম্বনও করেন। দুই তারকার এই আন্তরিক মুহূর্তে উপস্থিত দর্শক ও অন্য তারকারা করতালিতে তাদের অভিনন্দন জানান। মুহূর্তটি যেন সেলিনের মঞ্চে ফেরার আনন্দ উদ্যাপনে পরিণত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, হাত ধরে একসঙ্গে নাচছেন ঐশ্বরিয়া ও সেলিন। আশপাশে থাকা অন্য তারকাদের সঙ্গেও আনন্দে মেতে ওঠেন তারা। আনুষ্ঠানিকতার বাইরে তারকাদের এমন স্বতঃস্ফূর্ত সময় কাটানোর দৃশ্য ভক্তদেরও মুগ্ধ করেছে।
ফ্রান্সের ওই আয়োজনে কেন্ডেল জেনার ও অ্যান্ডি ম্যাকডোয়েলসহ বিশ্বের আরও বেশ কয়েকজন পরিচিত তারকা অংশ নেন। একই সফরে কালো ভেলভেটের গাউন ও স্টাডেড টিয়ারা পরে ফ্রেঞ্চ র্যাম্পেও উপস্থিত হয়ে আলোচনায় আসেন ঐশ্বরিয়া।
অন্যদিকে দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত মঞ্চে অনুপস্থিত থাকা সেলিন ডিওনের এই প্রত্যাবর্তনও তার ভক্তদের মধ্যে বাড়তি আবেগ তৈরি করেছে। সূত্র: হলিউড রিপোর্টার ইন্ডিয়া
জ/শা