ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ভোর থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে বয়ে যায় ঝড়ো বাতাস। বৃষ্টি শুরুর পর বাতাস কিছুটা কমে গেলেও মাঝে মাঝে বজ্রপাত হতে দেখা যায়।
দীর্ঘ সময়ের ভ্যাপসা গরমের পর ঝুম বৃষ্টিতে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে দিনের শুরুতেই বিপাকে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবকসহ কর্মস্থল ও জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ।
ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় পানি জমতে শুরু করায় যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরায় দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এর আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
জ/উ