প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা আহমাদুল্লাহ। সাক্ষাৎকালে জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আহমাদুল্লাহ। সেখানে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি ভার্সন।’
আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি এর আগে বিপুলসংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে। এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকিরবিষয়ক বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে।
এবার ঘুমানোর আগে নবীজি (সা.)-এর মাসনুন দুআ, যিকির ও তিলাওয়াত নিয়ে নতুন একটি বই প্রকাশের উদ্যোগের কথাও জানান তিনি। আহমাদুল্লাহ লিখেছেন, ‘১২ লাখ মানুষের হাতে ‘রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও জিকির বইটি পৌঁছানোর পর এবার আসছে রাতে ঘুমানোর আগে নবীজি (সা.)-এর মাসনুন দুআ-জিকির ও তিলাওয়াতের বই (ইনশাআল্লাহ)।’
তিনি আরও লেখেন, ‘অন্য যে কোনো সময়ের মাসনুন আমলের তুলনায় ঘুমানোর পূর্বের মাসনুন আমলের ব্যাপারে আমাদের জানাশোনা ও আমল খুবই কম। তাই এ বিষয়ক বই আমাদের এবারের প্রয়াস।’
আহমাদুল্লাহর প্রকাশিত বইটিতে সহিহ বা গ্রহণযোগ্য হাদিসের ভিত্তিতে দুআগুলো সংকলন করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে দুআর মূল আরবি, বাংলা উচ্চারণ ও সহজ বাংলা অর্থের পাশাপাশি সংশ্লিষ্ট আমলের ফজিলত ও উপকারিতা হাদিসের সূত্রসহ উল্লেখ করা হয়েছে।
ছোট আকারের বইটি সহজে বহন করে নিয়মিত আমল করার উপযোগী করে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ড. জাকির নায়েক ভারতীয় ইসলামি বক্তা ও লেখক। ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে।
জাকির নায়েক এসব অভিযোগ অস্বীকার করেছেন। পরবর্তী সময়ে তিনি মালয়েশিয়ায় বসবাস শুরু করেন।
জ/রা