বিগত সরকারের মতো বিএনপিও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে বাধা দিতে পারে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তবে আগের সেই ‘অপরাজনীতি’ আর চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডাকসু প্রাঙ্গণে বার্ষিক কার্যবিবরণী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাদিক কায়েম।
সংবাদ সম্মেলনে গত এক বছরে ডাকসু এক হাজারের বেশি কার্যক্রম সম্পন্ন করেছে বলে জানান তিনি। তবে এই পুরো সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেন ভিপি।
সাদিক কায়েম বলেন, ডাকসুর জন্য নির্ধারিত বাজেট এখনো প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। পুরো সময়জুড়ে ডাকসু-প্রশাসন ‘বিমাতার মতো আচরণ’ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
পরবর্তী ডাকসু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বারবার বলার পরও এখন পর্যন্ত নির্বাচনের কোনো রূপরেখা দেওয়া হয়নি।
তবে প্রশাসনের পক্ষ থেকে শত ধরনের অসহযোগিতা সত্ত্বেও গত এক বছরে ডাকসুর বিভিন্ন কমিটি আবাসন, পরিবহন, হলের খাবারের মান উন্নয়ন ও স্বাস্থ্য গবেষণাসহ এক হাজারের বেশি কার্যক্রম সম্পন্ন করেছে বলে দাবি করেন সাদিক কায়েম।
জ/উ