স্মার্ট চশমা ‘স্পেকস’ নিয়ে নতুন এআই সুবিধা আনল স্ন্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-09-17T16:07:04+06:00
2026-09-17T16:07:04+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রযুক্তি
স্মার্ট চশমা ‘স্পেকস’ নিয়ে নতুন এআই সুবিধা আনল স্ন্যাপ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম 
সংগৃহীত ছবি
২ হাজার ২০০ মার্কিন ডলারের স্মার্ট চশমা ‘স্পেকস’ নিয়ে আবারও প্রচারে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্ন্যাপ। চলতি বছরের শুরুতে উন্মোচনের পর চশমাটির দাম ও নকশা নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা হয়। এবার স্পেকসকে আরও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিনোদন ও ব্যবসায়িক ব্যবহারের জন্য বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সুবিধাগুলো তুলে ধরেন স্ন্যাপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইভান স্পিগেল। তিনি জানান, শুধু স্মার্ট চশমা হিসেবে নয়, দৈনন্দিন বিভিন্ন ডিজিটাল কাজের অংশ হিসেবেও স্পেকসকে ব্যবহারযোগ্য করে তুলতে চায় স্ন্যাপ।

নতুন সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘স্পেকস ইন্টেলিজেন্স’। স্ন্যাপের ভাষায়, এটি একটি ‘অ্যান্টিসিপেটরি এআই’ ব্যবস্থা, যা ব্যবহারকারীর বিভিন্ন ডিভাইস ও অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। আইফোন ও ম্যাকের মতো ডিভাইসের পাশাপাশি ব্যবহারকারীর অনুমোদিত বিভিন্ন অ্যাপ ও টুল থেকে তথ্য নিয়ে তাদের কাজ, অগ্রাধিকার, সম্পর্ক ও দৈনন্দিন অভ্যাস সম্পর্কে ধারণা তৈরির দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ইভান স্পিগেল ‘স্পেকস ইন্টেলিজেন্স’কে ‘এআই নেটিভ অপারেটিং সিস্টেম’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য, বিভিন্ন কাজ ও তথ্যের মধ্যে সম্পর্ক তৈরি করে এটি ব্যবহারকারীকে প্রয়োজনীয় কাজে মনোযোগ দিতে সহায়তা করবে। তবে বাস্তবে ব্যবস্থাটি অনেকটা এআইনির্ভর উৎপাদনশীলতা (প্রোডাক্টিভিটি) অ্যাপের মতো কাজ করবে, যা স্মার্ট চশমার পাশাপাশি অন্যান্য ডিভাইস থেকেও ব্যবহার করা যাবে।

বিনোদন ও ব্যবসায়িক সুবিধা
বিনোদনের ক্ষেত্রেও স্পেকসে নতুন সুবিধা যুক্ত হচ্ছে। এখন চশমাটির সঙ্গে এইচবিও ম্যাক্স ও স্পটিফাই যুক্ত করা যাবে। এর ফলে স্পেকস ব্যবহার করে ভিডিও ও সংগীতের মতো বিনোদনমূলক কনটেন্ট ব্যবহারের সুযোগ তৈরি হবে।

ব্যবসায়িক ব্যবহার বাড়াতে ‘স্পেকস ফর এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি কর্মসূচিও চালু করেছে স্ন্যাপ। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ব্যবস্থার সঙ্গে স্মার্ট চশমাটি যুক্ত করা যাবে। এ উদ্যোগে অ্যামাজন, সেলসফোর্স ও এনভিডিয়ার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের কথা জানিয়েছে স্ন্যাপ।

কোম্পানির প্রচারিত একটি প্রদর্শনীতে একজন প্রযুক্তি সহায়তাকর্মীকে যন্ত্রপাতি মেরামতের সময় স্পেকস ব্যবহার করতে দেখা গেছে। কর্মীদের ব্যবহারের জন্য মোবাইল ডিভাইস ব্যবস্থাপনা, নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দলের মধ্যে ডিভাইস ব্যবস্থাপনার সুবিধা তৈরির কাজও চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাস্কেটবল অনুশীলনেও ব্যবহার
খেলাধুলার ক্ষেত্রেও নতুন অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্ন্যাপ। এনবিএ ও ডব্লিউএনবিএর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তৈরি একটি এআর অ্যাপের সাহায্যে বাস্কেটবল অনুশীলন ও শট উন্নত করার সুবিধা থাকবে।

চশমাটির অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর খেলার অভিজ্ঞতা বিশ্লেষণ এবং তা উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ওয়াই-ফাই ছাড়াও চলবে স্পেকস
ওয়াই-ফাইয়ের বাইরে স্পেকস ব্যবহারের জন্য নতুন সংযোগ-সুবিধাও ঘোষণা করেছে স্ন্যাপ। আলাদাভাবে বিক্রি করা এই প্যাকেজে বিল্ট-ইন সেলুলার সংযোগসহ একটি চার্জিং কেস থাকবে।

ভেরাইজনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেওয়া এই সুবিধার জন্য ভেরাইজন গ্রাহকদের মাসে ১০ ডলার এবং অন্য গ্রাহকদের মাসে ২০ ডলার দিতে হবে।

স্পেকসকে ব্যয়বহুল একটি কম্পিউটার হিসেবেই তুলে ধরছে স্ন্যাপ। ইভান স্পিগেলের ভাষায়, এটি এমন একটি কম্পিউটার, যা ব্যবহারকারীর মুখে পরা যায়। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চ্যুয়াল জগতের কারণে প্রযুক্তির ব্যবহার দ্রুত পরিবর্তিত হলেও কম্পিউটারের উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে আরও কার্যকর করে তোলা। তবে ২ হাজার ২০০ ডলার দাম হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের মধ্যে স্পেকস কতটা গ্রহণযোগ্য হবে, তা এখনো স্পষ্ট নয়।

স্ন্যাপ জানিয়েছে, আগামী অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে স্পেকসের জন্য একটি অস্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালু করা হবে। এরপর শরৎকালের শেষদিকে চশমাটি বাজারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]