রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-17T08:29:02+06:00
2026-09-17T08:29:02+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ এএম 
সংগৃহীত ছবি
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের পাশে থাকার এবং এ উদ্যোগে দৃঢ় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের অভিনন্দনপত্র তাঁর কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত। বৈঠকেই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ওই আশ্বাস দেন ওআইসি মহাসচিব।

সাক্ষাৎকালে ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে সংশ্লিষ্ট সবার জন্যই গুরুতর ভোগান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং ওআইসি মহাসচিবের নতুন দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেন ওআইসি মহাসচিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও গতি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের গাজীপুরে অবস্থিত ওআইসির প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভূমিকার কথাও স্মরণ করেন মহাসচিব। তিনি বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন ক্ষেত্রে আইইউটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সফরসূচির অংশ হিসেবে বাংলাদেশ তাঁর পছন্দের তালিকার শীর্ষ সারিতে রয়েছে বলেও জানান ওআইসি মহাসচিব।

বৈঠকে উভয় পক্ষ একমত হয় যে, প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের বৈচিত্র্যের কারণে ওআইসিভুক্ত দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে। চুক্তিভিত্তিক চাষাবাদ (কনট্রাক্ট ফার্মিং), স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, আতিথেয়তা ও শিক্ষাসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে যৌথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশগুলো ‘উইন-উইন’ ভিত্তিতে কাজ করতে পারে বলে মত দেওয়া হয়।

বাংলাদেশের জনগণ ও নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের জন্য ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত জাবেদ। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক অভিন্ন ইস্যুতে আগামী দিনগুলোতে ওআইসি সচিবালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]