বরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে এ ঘটনায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ওই আসামিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত ওই আসামি হলেন- বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার বাসিন্দা মোঃ বশির।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম ফরাজি জানান, আদালতে একটি সিআর মামলার অস্থায়ী জামিন শুনানি শুরু হয়। ওই মামলায় অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন করা হলে তা না মঞ্জুর করেন আদালতের বিচারক। এতে এজলাসের মধ্যেই ওই আসামি উত্তেজিত হয়ে জামিন কেনো বাতিল হয়েছে জানতে চেয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। এ ছাড়াও অশ্লীল ভাষা এবং উচ্চবাচ্য করতে থাকেন তিনি। এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা বশিরকে থামতে বললেও তিনি থামেন নি।
একপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বশিরকে হ্যান্ডকাপ পড়াতে গেলে উত্তেজিত অবস্থায় তাদেরকে মারধর করেন। পরে এ ঘটনায় তাৎক্ষণিক আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম একটি সিআর মামলা আমলে নিয়ে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রগণ করে বশিরকে এক বছরের কারাদন্ড প্রদান করেন। এ ঘটনায় পুলিশ সদস্য মোঃ সিদ্দিক, মোঃ শাহজাহান ও হনুফা আহত হয়েছেন। এবং আহতদের মধ্যে মোঃ শাহজাহান বেশি আহত হয়েছেন বলেও জানা তিনি।
বরগুনা জেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, আজকে আদালতের এজলাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বশির নামে এক আসামি সেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। জামিনের বিষয় আদেশের সময় ওই আসামি উত্তেজিত হয়ে পড়েন। এরপর আদালত থেকে তাকে নিয়ে যেতে পুলিশ সদস্যরা এলে তাদের ওপরও হামলা করেন। একজন আইনজীবী ও সুজনের সাধারণ সম্পাদক হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এটা বিচার বিভাগের জন্য একটি হুমকি।
এ বিষয়ে বরগুনা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, আদালতে হাজির হও এক আসামিকে বিচারক জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এতে ওই আসামি উত্তেজিত হয়ে উচ্চবাচ্য কথা বলেন। একপর্যায়ে পুলিশ থামতে গেলে তাদেরকে গায়ে হাত তোলাসহ ধাক্কাধাক্কি করে। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে আদালতের বিচারক ৩২৩ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।