গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মঈন খান বলেন, গণতন্ত্রের ভিত্তি তৃণমূল পর্যায়ে শক্তিশালী না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোও সুদৃঢ় করা সম্ভব নয়। বাংলাদেশের মতো জনবহুল দেশে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব অনেক। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়ালে প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদার, গণতন্ত্র ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, স্থানীয় সরকার নির্বাচন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিত ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নারীদের সম্পৃক্ততা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও স্থানীয় সরকার নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়ে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ