শিক্ষা

2026-09-01T19:06:19+06:00
2026-09-01T19:06:19+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
শিক্ষায় বাজেট ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: মিলন
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম 
শিক্ষায় বর্তমানে বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে উৎসাহ দিতে ট্যাব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. এহছানুল হক মিলন বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে একসঙ্গে চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছিল। সে সময় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে এ উদ্যোগের সঙ্গে কাজ করেছেন। তাঁর ভাষায়, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই ওই সময়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষক নিয়োগের বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি জটিলতায় আটকে আছে। দ্রুত এসব জটিলতা নিরসন করে নিয়োগ সম্পন্ন করার বিষয়ে আলোচনা চলছে।

বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর কাঠামো নিয়েও পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আর্কিটেকচারের পাশাপাশি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের মতো বিভাগ চালুর যৌক্তিকতা বিবেচনা করা দরকার। একই সঙ্গে লেদার ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভাগের ক্ষেত্রে প্রয়োজনীয় ল্যাব সুবিধা এবং দেশে থাকা বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকেও বিবেচনায় নেওয়া উচিত।

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ার এই সময়ে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ইভি-সংশ্লিষ্ট কোর্স থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোতে এআই ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় চালুর ওপরও গুরুত্ব দেন তিনি। তবে এআই কোর্স চালুর জন্য করা আবেদন দুই বছর ধরে ইউজিসিতে আটকে থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের পেছনে সরকারের বিনিয়োগের বিষয়টি তুলে ধরে ড. এহছানুল হক মিলন বলেন, একজন শিক্ষার্থীর জন্য সরকারের ব্যয় প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা। তাই শুধু উন্নত অবকাঠামো নির্মাণ করলেই হবে না, এ বিনিয়োগের সুফলও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা পরবর্তী সময়ে কোথায় চাকরি করছেন এবং তাদের কর্মজীবনের অবস্থান কী—অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এসব তথ্য সংরক্ষণ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, দেশের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়া শিক্ষার্থীদের অর্জনের একটি অংশ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতিত্ব হিসেবেও বিবেচিত হওয়া উচিত।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শুধু অবকাঠামো নয়; মেধা, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থানের বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে।

কুয়েট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

এর আগে ক্যাম্পাসে অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ র‌্যালি, স্টল পরিদর্শন, কুয়েটের অর্জন, ঐতিহ্য ও ভবিষ্যৎ নিয়ে উপস্থাপনা, আলোচনা সভা এবং প্রজেক্ট প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন আয়োজন ও কর্মসূচিকে ঘিরে দিনভর মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]