জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-01T09:45:43+06:00
2026-09-01T09:46:25+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ঢাবির ছাত্রী হলের গেট বন্ধের সময় বাড়ল
প্রবেশ করা যাবে রাত ১১টা পর্যন্ত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৫ এএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৯:৪৬ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন ছাত্রীরা। এতদিন রাত ১০টায় ছাত্রী হলগুলোর গেট বন্ধ হয়ে যেত।

গতকাল সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

এর আগে গত ১৭ আগস্ট ছাত্রী হলের প্রবেশের সময় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। পরে সিন্ডিকেটের সভায় তা অনুমোদন দেওয়া হয়।

তবে এক ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট নন ‘বৈষম্যহীন নারী হল চাই’, ‘নারী হল সংস্কার আন্দোলন’ ও ‘অবরোধবাসিনী’র আন্দোলনকারীরা। সিন্ডিকেট সভা চলাকালেও তাঁরা নিজেদের দাবির পক্ষে কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের দাবি, শুধু এক ঘণ্টা সময় বাড়ালে ‘সান্ধ্য আইন’-এর মূল সমস্যার সমাধান হবে না। রাত ১১টার পর অনুমতি ও লেট গেটের মতো আমলাতান্ত্রিক প্রক্রিয়া থাকলে জরুরি চিকিৎসা, রাতে যাতায়াত, টিউশনি, চাকরি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্রীদের ভোগান্তি থেকেই যাবে।

এর আগে গত ৩০ আগস্ট তিনটি প্ল্যাটফর্‌ম সম্মিলিতভাবে তিন দফা দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে ছাত্রীদের সার্বক্ষণিক যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের পর হলে প্রবেশে আমলাতান্ত্রিক হয়রানি বন্ধ, বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে যেকোনো ছাত্রী হলে প্রবেশের সুযোগ এবং নারী স্বজনদের পরিচয়পত্র যাচাই করে হলে প্রবেশের অনুমতি দেওয়া।

ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বর্তমান বাস্তবতায় ছাত্রীদের দাবির সঙ্গে প্রশাসন নীতিগতভাবে একমত। তবে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও বাস্তবতার কারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে। জরুরি চিকিৎসা ও অভিভাবকদের হলে প্রবেশের মতো বিষয়ে জটিলতা এড়াতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়গুলো সমাধানে একটি কমিটি কাজ করছে। পাশাপাশি আইসিটি সেলের নির্দেশনায় পাঞ্চ কার্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জ/রা






  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ছাত্রী হলের  গেট বন্ধের সময় বাড়ল 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]