বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-28T18:41:47+06:00
2026-08-28T18:41:47+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
নিষিদ্ধ সেই গান নিয়ে নিজের অবস্থান জানালেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম 
‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সারকে চুনার তেরি সরকে’ গান প্রকাশের পর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ কথা, দৃশ্যায়ন এবং নারীদের হেয় করার অভিযোগে গানটি নিষিদ্ধের দাবি তোলে বিভিন্ন সংগঠন। পরে সরকারের নির্দেশ ও অল ইন্ডিয়া সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের ভিত্তিতে গানটি সরিয়ে নেওয়া হয়।

ঘটনার প্রায় পাঁচ মাস পর এবার গানটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এর মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। তাঁর দাবি, গানটির হিন্দি সংস্করণ তৈরি কিংবা সেখানে তাঁর ছবি ও ভিজ্যুয়াল ব্যবহারের ক্ষেত্রে প্রযোজনা সংস্থা তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।

সম্প্রতি এক পডকাস্টে নোরা বলেন, কোনো বিষয়ে নীরব থাকলে অনেকেই সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করেন। এ কারণেই এবার ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন তিনি।

সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত গানটি প্রকাশের পর এর সুর, কথা ও দৃশ্যায়ন নিয়ে সমালোচনা শুরু হয়। বিশেষ করে গানটির কিছু শব্দ এবং নোরার ভিজ্যুয়াল নিয়ে আপত্তি ওঠে। বিতর্ক তীব্র হলে এক ভিডিও বার্তায় নোরা জানিয়েছিলেন, হিন্দি সংস্করণটির সঙ্গে তাঁর সরাসরি কোনো সম্পর্ক নেই।

পডকাস্টে নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি গানটির কন্নড় সংস্করণের শুটিং করেছিলেন। সঞ্জয় দত্তের মতো বড় তারকার সঙ্গে কাজের সুযোগ এবং বড় বাজেটের সিনেমার অংশ হওয়ার আগ্রহ থেকেই তিনি প্রস্তাবটিতে রাজি হয়েছিলেন।

তবে তাঁর অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই মূল কন্নড় গানটি হিন্দিতে ডাব করা হয়। শুধু তা-ই নয়, হিন্দি সংস্করণে এমন কিছু আপত্তিকর শব্দও যুক্ত করা হয়েছে, যেগুলো তাঁর পছন্দ নয়।

নোরার আপত্তি শুধু গানটির কথাতেই সীমাবদ্ধ নয়। তাঁর দাবি, লিরিক্যাল ভিডিওতে তাঁর অনুমতি ছাড়াই কিছু ছবি ব্যবহার করা হয়েছে। এমনকি সেখানে সঞ্জয় দত্ত ও তাঁর একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

নোরার ভাষ্য, কন্নড় সংস্করণে তিনি যে কাজ করেছিলেন, পরবর্তী সময়ে তৈরি হিন্দি সংস্করণের বিষয়বস্তু তার সঙ্গে এক নয়। ফলে হিন্দি সংস্করণকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার দায় তাঁর ওপর বর্তানো উচিত নয় বলে মনে করেন তিনি।

নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী বলেন, কোনো শিল্পীর কাজ, ছবি বা ভিজ্যুয়াল ব্যবহারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি।

নোরার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ‘কেডি: দ্য ডেভিল’-এর বিতর্কিত গানটি নিয়ে পুরোনো আলোচনা নতুন করে সামনে এসেছে। সূত্র: দ্য ওয়াল





  বিষয়:   বিনোদন  নোরা ফাতেহি  ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমা  গান 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]