ভিডিও গেমের হেডসেট সরিয়ে হাতে বই তুলে নিলেই নাকি পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ বাড়ে। নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য। সেখানে ৭৪ ধরনের শখ ও অভ্যাস নিয়ে নারীদের মতামত নেওয়া হয়।
‘ডেট সাইকোলজি’র ওই সমীক্ষা অনুযায়ী, নারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় শখ হলো বই পড়া। অংশগ্রহণকারী নারীদের ৯৮ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, কোনো পুরুষকে বই পড়তে দেখলে তাদের কাছে বিষয়টি ইতিবাচক ও আকর্ষণীয় মনে হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে প্রকাশিত সমীক্ষায় দেখা যায়, শীর্ষে থাকা শখগুলোর বেশির ভাগই সৃজনশীলতা, নতুন দক্ষতা অর্জন কিংবা আত্মোন্নয়নের সঙ্গে সম্পর্কিত।
নারীদের পছন্দের শীর্ষ ৫ শখ
১. বই পড়া ৯৮ দশমিক ২ শতাংশ
২. বিদেশি ভাষা শেখা
৩. বাদ্যযন্ত্র বাজানো
৪. রান্না করা
৫. কাঠের কাজ বা উডওয়ার্কিং
এ ছাড়া চিত্রাঙ্কন, লেখালেখি, ফটোগ্রাফি, জ্যোতির্বিজ্ঞান, হাইকিং, ব্ল্যাকস্মিথিং ও তিরন্দাজির মতো শখও তুলনামূলকভাবে বেশি পছন্দ করেছেন অংশগ্রহণকারীরা।
সমীক্ষার ফলাফল ইঙ্গিত করছে, নতুন কিছু শেখা, সৃজনশীল কাজে যুক্ত থাকা কিংবা শারীরিকভাবে সক্রিয় থাকার মতো অভ্যাস পুরুষদের প্রতি নারীদের ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখতে পারে।
যে অভ্যাসগুলো কম আকর্ষণীয়
সমীক্ষার বিপরীত প্রান্তে রয়েছে কিছু অভ্যাস, যেগুলো নারীদের কাছে তুলনামূলকভাবে কম আকর্ষণীয়। এর মধ্যে রয়েছে নারীবিদ্বেষী অনলাইন সংস্কৃতি বা ‘ম্যানোস্ফিয়ার’-এর সঙ্গে যুক্ত থাকা, পর্নোগ্রাফি দেখা, জুয়া খেলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো।
এ ছাড়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন, কসপ্লে ও কমিক বই সংগ্রহের মতো শখও অধিকাংশ অংশগ্রহণকারীর কাছে খুব একটা আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়নি। ফাঙ্কো পপ ফিগার সংগ্রহ, অতিরিক্ত মদ্যপান ও নিয়মিত নাইটক্লাবকেন্দ্রিক জীবনযাপনও তালিকার নিচের দিকে রয়েছে।
ডেটিং কোচ কোর্টনি রায়ানের মতে, মদ্যপান বা নাইটক্লাবিংকে জীবনের প্রধান বিনোদন হিসেবে নেওয়াকে অনেক নারী অপরিণত আচরণ হিসেবে দেখেন।
তবে বিশেষজ্ঞদের মতে, কাউকে আকৃষ্ট করার জন্য কৃত্রিমভাবে কোনো শখ তৈরি করার চেয়ে নিজের পছন্দের কাজে সত্যিকারের আগ্রহ থাকাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘমেয়াদে একজন মানুষের ব্যক্তিত্ব, আচরণ ও নিজস্ব আগ্রহই সম্পর্কের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে।
তবে সমীক্ষার ফলাফলকে ব্যক্তিগত পছন্দের চূড়ান্ত মাপকাঠি হিসেবে না দেখে, এর পদ্ধতি ও নমুনার সীমাবদ্ধতাও বিবেচনায় নেওয়া জরুরি।
জ/শা