সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর নগরের ধোপাদিঘির পূর্বপাড়ের ইউনাইটেড সেন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
গতকাল সোমবার বিকেলে চেম্বারের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আয়েশা আক্তার। এতে স্বাগত বক্তব্য দেন চেম্বারের বর্তমান প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত এ তালিকার ওপর আপত্তি দাখিলের সুযোগ থাকবে। ১৭ সেপ্টেম্বর শুনানি ও নিষ্পত্তির পর ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীরা ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং ২৭ সেপ্টেম্বর তা দাখিল করতে হবে। ৩ অক্টোবর মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে ৬ অক্টোবর আপত্তি দাখিল করা যাবে। ১০ অক্টোবর এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে। ১২ অক্টোবর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৫ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে ৫ নভেম্বর মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জ/উ