আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-15T17:02:51+06:00
2026-08-15T17:02:51+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে, থাকবে: তেহরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম 
হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে।

শনিবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাওয়াদি বলেন, হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। তাঁর দাবি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেহরান যে প্রণালিটি কার্যত বন্ধ করে দিয়েছিল, সেটি ইরানের সিদ্ধান্তেই বন্ধ ও খোলা হবে।

এক্সে দেওয়া এক পোস্টে গারিবাওয়াদি ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়ে বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, বিমানবাহী রণতরী পাঠানো কিংবা কোনো নির্দেশ জারি করে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে বাস্তবতা মেনে নিতে হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কৌশলগত ও চরম পরাজয়ের মুখোমুখি হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরান তার অবরোধ কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানান এই কর্মকর্তা।

নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পুরোপুরি পরাজিত করার কাজ শেষ হওয়ার পর শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি।

তবে ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরে হোয়াইট হাউসের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, ট্রাম্প ওই মন্তব্যটি রসিকতা করে করেছিলেন।

এর আগে বুধবার ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেন, আমি মনে করি, এটি আমরা আমাদের কাছেই রেখে দেব।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে সবাই স্টিলের দেয়াল বলে অভিহিত করছে এবং এ বিষয়ে ইরানের কিছুই করার নেই।


ট্রাম্পের বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের সামরিক বাহিনী। তাদের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এখনো পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম-আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করছে যুক্তরাষ্ট্রের এমন দাবি ‘মিথ্যা ও বানোয়াট’।

তিনি বলেন, অতীতের মতোই হরমুজ প্রণালি ইরানের পরিচালনা ও নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা ট্যাঙ্কারের নিরাপদে এই প্রণালি অতিক্রম করার সুযোগ নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচিও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরান নিয়ে ভুল হিসাব করে আসছে। হরমুজ প্রণালি নিয়ে এবার আরও বড় ভুল হিসাব-নিকাশ করছে ওয়াশিংটন।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষস্থানীয় অনেক নেতা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর পর থেকেই হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।

জ/শা





  বিষয়:   হরমুজ প্রণালি  তেহরান  যুক্তরাষ্ট্র 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]