বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-15T10:36:32+06:00
2026-08-15T10:36:32+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
‘দুই বছর মানসিক-শারীরিকভাবে ভেঙে পড়েছিলাম’: অনুপমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩৬ এএম 
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন জানিয়েছেন, একটি সম্পর্কে থাকার সময় টানা প্রায় দুই বছর মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জীবনের সেই অধ্যায় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেওয়ার পর এবার এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরেছেন অভিনেত্রী।

‘আই অ্যাম উইথ ধন্য ভার্মা’ অনুষ্ঠানে সম্পর্কের সেই সময়ের কথা বলেন অনুপমা। তবে কার সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁর নাম প্রকাশ করেননি তিনি। অভিনেত্রীর ভাষ্য, ওই সম্পর্কে থাকতে থাকতে ধীরে ধীরে নিজের অস্তিত্ব ও স্বাভাবিক জীবনযাপন হারিয়ে ফেলছিলেন। পরে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

অনুপমা জানান, ওই সম্পর্কে কোনো স্থিরতা ছিল না। কখনো বিচ্ছেদের কথা বলা হতো, আবার মাত্র দুদিন পরই সবকিছু ঠিক করার চেষ্টা চলত। এমন টানাপোড়েনের দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যে।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই সময়ে তাঁর প্যানিক অ্যাটাক, উদ্বেগ, ব্ল্যাকআউট, ওজন কমে যাওয়া এবং বমির মতো শারীরিক সমস্যা দেখা দেয়। এমনকি তাঁর ডান চোখ অনবরত কাঁপতে শুরু করায় একপর্যায়ে শুটিংও বন্ধ রাখতে হয়েছিল।

নিজের সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অনুপমা বলেন, ‘কোনো কোনো কথোপকথনের পর আমি বমি করে ফেলতাম, কিছুই খেতে পারতাম না। অনেক ওজন কমে গিয়েছিল। প্রতি রাতে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম। এরপর সকালে উঠে শুটিংয়ে যেতে হতো।’

শুধু মানসিক ও শারীরিক দুর্বলতাই নয়, তাঁর চোখের অশ্রুগ্রন্থিও ফুলে গিয়েছিল বলে জানান অনুপমা। পরে এ সমস্যার জন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। সম্পর্কটি থেকে বেরিয়ে আসার বিষয়টি বাইরে থেকে যতটা সহজ মনে হতে পারে, বাস্তবে তা ছিল না বলে জানান অভিনেত্রী। পুরো পরিস্থিতিকে তাঁর কাছে ‘মাকড়সার জালের মতো’ মনে হয়েছিল।

অনুপমার ভাষ্য, সম্পর্কের নানা পরিস্থিতির জন্য তাঁকেই দায়ী করার একটি প্রবণতা তৈরি হয়েছিল এবং বিষয়গুলো যেন একটি নির্দিষ্ট ছকেই চলছিল। একপর্যায়ে তিনি ওই ব্যক্তিকে স্পষ্ট করে জানান, এই সম্পর্ক তাঁর মানসিক শান্তি নষ্ট করছে এবং এভাবে আর এগিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

এরপর ধীরে ধীরে ওই ব্যক্তির কথাবার্তায় অসংগতি ও মিথ্যা তাঁর কাছে ধরা পড়তে শুরু করে। তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকেন এবং সরাসরি মুখোমুখি হন। তবে অনুপমার দাবি, তখন পরিস্থিতির দায় উল্টো তাঁর ওপর চাপানোর চেষ্টা করা হয়।

অভিনেত্রী জানান, একপর্যায়ে এমন একটি ঘটনা ঘটে, যার পর সম্পর্কটির প্রকৃত চিত্র তাঁর কাছে পরিষ্কার হয়ে যায়। এতে দুই পরিবারের সদস্যরাও জড়িয়ে পড়েন। তাঁর ভাষায়, সম্পর্ককে ঘিরে এতদিনের যে ‘বুদ্‌বুদ’ তৈরি হয়েছিল, সেটি যেন এক মুহূর্তেই ফেটে যায়।

অনুপমা আরও জানান, ওই ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য শেষ পর্যন্ত তাঁকে হুমকি দেওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল। কারণ, তাঁর দাবি, ওই ব্যক্তি নিজের কোনো কাজের দায় স্বীকার করতেন না।

শেষ সাক্ষাতের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুপমা। তিনি জানান, শেষ ১০ সেকেন্ডে ওই ব্যক্তির দিকে তাকিয়ে তাঁর মনে হয়েছিল, মুখোশটি যেন খুলে যাচ্ছে। সেই মুহূর্তে তাঁর চোখে ওই মানুষটিকে ‘একজন দানব’ বলে মনে হয়েছিল।

এদিকে ২০২৫ সালের শুরুর দিকে অনুপমা পরমেশ্বরন ও ধ্রুব বিক্রমকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের চুম্বনের একটি অযাচাইকৃত ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। ভক্তদের একাংশ দাবি করেছিলেন, ছবিটি তাঁদের দুজনের যৌথ স্পটিফাই প্লেলিস্টের প্রোফাইল ছবি ছিল। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের সম্পর্কের অভিজ্ঞতা তুলে ধরলেও অনুপমা কারও নাম উল্লেখ করেননি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]