সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। তবে ব্যস্ত জীবনযাপন কিংবা একই ধরনের ব্যায়ামে আগ্রহ হারানোর কারণে অনেকেই নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে পারেন না। এমন পরিস্থিতিতে সহজ, আনন্দদায়ক ও কার্যকর বিকল্প হতে পারে নাচ। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নাচও শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিবিসি লন্ডনের জ্যেষ্ঠ স্বাস্থ্য প্রতিবেদক মেলিসা হোজেনবুম এক সপ্তাহ ধরে প্রতিদিন কাজের বিরতিতে মাত্র পাঁচ মিনিট নাচের অভ্যাস করেন। তার অভিজ্ঞতায় দেখা যায়, অল্প সময়ের এই অনুশীলন কর্মস্পৃহা বাড়িয়েছে, ক্লান্তি কমিয়েছে এবং মনকে আরও সতেজ রাখতে সহায়তা করেছে।
বাড়ায় শারীরিক সক্ষমতা
ড্যান্স সাইকোলজিস্ট ও সাবেক পেশাদার নৃত্যশিল্পী পিটার লোভাটের মতে, মানুষের শরীর স্বাভাবিকভাবেই ছন্দ ও নড়াচড়ার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। নিয়মিত নাচ করলে অ্যারোবিক ব্যায়ামের মতো উপকার পাওয়া যায়, যা হৃদ্যন্ত্রের সুস্থতা বজায় রাখা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখে
নাচের সময় শরীরে এন্ডোরফিন নামের সুখ-অনুভূতির হরমোন নিঃসৃত হয়। এটি মানসিক চাপ কমাতে, বিষণ্নতার অনুভূতি নিয়ন্ত্রণে এবং ইতিবাচক মনোভাব তৈরিতে ভূমিকা রাখে। পাশাপাশি দলবদ্ধভাবে নাচ করলে সামাজিক যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় হয়।
উন্নত করে স্মৃতিশক্তি ও মনোযোগ
নাচের সময় বিভিন্ন ধাপ মনে রাখা, ছন্দ অনুসরণ করা এবং শরীরের সঙ্গে মস্তিষ্কের সমন্বয় বজায় রাখতে হয়। এতে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং স্মৃতিশক্তি, মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হতে পারে।
গবেষণায় দেখা গেছে, মাত্র পাঁচ মিনিটের দলীয় নাচও শিশুদের পরবর্তী শিক্ষামূলক কাজে মনোযোগ বাড়াতে সহায়তা করতে পারে। বয়স্কদের ক্ষেত্রে নিয়মিত নাচ ডিমেনশিয়ার ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
বাড়ায় সৃজনশীলতা
বিশেষজ্ঞদের মতে, স্বতঃস্ফূর্ত নাচ মস্তিষ্কের সৃজনশীল অংশকে সক্রিয় করে। এর ফলে নতুন চিন্তা তৈরি, জটিল সমস্যার সমাধান এবং কাজের দক্ষতা বাড়তে পারে। অল্প সময়ের নাচও চিন্তার গতি ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
শরীরের ভারসাম্য উন্নত করে
নিয়মিত নাচ শরীরের ভারসাম্য, চলাফেরার দক্ষতা ও সমন্বয় ক্ষমতা বাড়ায়। পারকিনসন্স রোগীদের পুনর্বাসনেও নাচকে থেরাপির একটি অংশ হিসেবে ব্যবহার করা হয়। গবেষণায় আরও দেখা গেছে, দীর্ঘদিন নাচের অভ্যাস মস্তিষ্কের স্মৃতিনিয়ন্ত্রণকারী অংশ হিপোক্যাম্পাসের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য সবসময় দীর্ঘ সময় ব্যায়াম করার প্রয়োজন নেই। প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের নাচও শরীরকে সক্রিয় রাখতে, মানসিক ক্লান্তি কমাতে এবং দৈনন্দিন কাজে আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে। ব্যস্ত দিনের মাঝেও কয়েক মিনিটের ‘ড্যান্স ব্রেক’ তাই স্বাস্থ্যকর অভ্যাসে পরিণত হতে পারে।
জ/উ