ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ রোববার (৯ আগস্ট) সকালে নৌকায় ঘুরে তিনি হাটের বেচাকেনা, স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের কর্মব্যস্ততা দেখেন। এ সময় স্থানীয় পেয়ারার স্বাদও নেন তিনি।
সকাল ৯ টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
নৌকায় বসে তিনি হাটের পেয়ারা কেনাবেচা ও পরিবহনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। একই সঙ্গে খাল-বিল, পেয়ারা বাগান ও সবুজে ঘেরা আশপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন।
হাটে কিছুক্ষণ অবস্থান ও পরিদর্শন শেষে ট্রলারে করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। সফরে তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি জানান, ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ঘুরে তিনি বেশ আনন্দ পেয়েছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে মুগ্ধ করেছে।
বাংলাদেশের গ্রামীণ জীবন, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।
মার্কিন রাষ্ট্রদূতের এ সফরকে কেন্দ্র করে ভীমরুলীর পেয়ারা চাষি, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জ/উ