সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মাঝেমধ্যে তার আবেগঘন ও রহস্যময় পোস্ট ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে। এবারও ইনস্টাগ্রামে দেওয়া একটি বার্তাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলোতে হালকা রঙের পোশাক, সাদামাটা সাজ ও খোলা চুলে গোলাপি-সাদা সালোয়ার-কামিজে নান্দনিক উপস্থিতিতে দেখা গেছে অভিনেত্রীকে।
তবে ছবির চেয়ে বেশি আলোচনায় এসেছে পোস্টের ক্যাপশন। সেখানে প্রভা লিখেছেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে-সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’
এই বার্তাটি কাকে উদ্দেশ্য করে লেখা, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি প্রভা। ফলে পোস্টটি প্রকাশের পর ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকের ধারণা, প্রিয় কোনো মানুষকে উদ্দেশ্য করেই হয়তো তিনি এমন আবেগঘন বার্তা দিয়েছেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রকাশিত ছবিগুলোতেও ছিল ভিন্ন আবহ। কোনো ছবিতে তাকে পার্কের পাশের বেঞ্চে বসে থাকতে দেখা গেছে, আবার কোনো ছবিতে ফুল ছোঁয়ার চেষ্টা করতে দেখা যায়। অন্য একটি ছবিতে রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। সব মিলিয়ে ছবিগুলোতে প্রভার স্বাভাবিক ও নান্দনিক উপস্থিতি ফুটে উঠেছে।
অন্যদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জ/উ