রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক, অস্ত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে এবং ৫৬টি মামলা দায়ের হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত অভিযানে মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ১০৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ৮৩ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জ/উ