অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নবজাতককে জন্মের পর শালদুধ খাওয়াতে মায়েদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর নিপসমে গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর অন্যতম কারণ অপুষ্টি। আগে এ ধরনের মৃত্যুর ঘটনা খুব কম থাকলেও এখন বাড়ছে। এর পেছনে শিশুদের শালদুধ না পাওয়া, মায়ের বুকের দুধ ঠিকমতো পান না করা এবং সুষম খাদ্যের অভাব গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর শেষ ভরসা চিকিৎসক। চিকিৎসকের আন্তরিক আচরণ ও ইতিবাচক কথাবার্তা অনেক সময় রোগীকে মানসিকভাবে সুস্থ হতে সহায়তা করে। আল্লাহ চিকিৎসকদের বিশেষ মেধা ও যোগ্যতা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশে যক্ষ্মা (টিবি) রোগ উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহ করা হচ্ছে এবং সেখানে ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জ/উ