৩৬ জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার (২৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি জুলাই মাসের ঘটনাপ্রবাহকে গুরুত্বের সঙ্গে স্মরণ করে। এ উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ইতোমধ্যে জুলাইয়ের শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করবে, তবে তা যেন শালীন ও দায়িত্বশীল ভাষায় হয়। তার মতে, উসকানিমূলক বক্তব্য গণতান্ত্রিক পরিবেশের জন্য সহায়ক নয়।
তিনি আরও বলেন, সব রাজনৈতিক পক্ষের সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি, যাতে আলোচনা, সমালোচনা ও মতবিনিময় কোনো ধরনের সংঘাতের দিকে না যায়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
জ/উ