নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-24T10:19:48+06:00
2026-06-24T10:19:48+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
নবম পে-স্কেল নিয়ে আজ সচিব কমিটির বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:১৯ এএম 
সরকার ঘোষিত নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যে বুধবার (২৪ জুন) পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নতুন বেতন কাঠামোর বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও আইনি বিষয় নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে প্রাথমিকভাবে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের চিন্তা করা হলেও কর্মকর্তা-কর্মচারীদের মতামত বিবেচনায় নিয়ে তা দুই ধাপে বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বেতন বৃদ্ধি, ভাতা সমন্বয়, গেজেট প্রকাশ, বাস্তবায়নের সময়সূচি এবং বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের বিষয়গুলোও গুরুত্ব পাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পে-কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন করা হবে সে বিষয়েও আলোচনা হবে। বিশেষ করে বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার সম্ভাব্য সমন্বয় নিয়ে পর্যালোচনা করা হবে।


মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সচিব কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

জানা গেছে, বৈঠকে ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য কমানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে পে-স্কেল বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম আইবাস ব্যবহারের বিষয়েও আলোচনা হবে।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিম্ন আয়ের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে। সে অনুযায়ী ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হতে পারে। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে তুলনামূলক সীমিত হারে সমন্বয়ের প্রস্তাব আলোচনায় রয়েছে।

সূত্র মতে, প্রাথমিক আলোচনায় ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের সম্ভাব্য বেতন বৃদ্ধির প্রায় ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের ক্ষেত্রে প্রায় ৬০ শতাংশ প্রথম ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


এদিকে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে পে-স্কেল কার্যকর হলেও প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। ফলে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা সমন্বয় কার্যকর হতে দুই থেকে তিন মাস সময় লাগার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন অনুষ্ঠিত বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। বুধবারের বৈঠকে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]