প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে বদলে গেছে গান প্রকাশের ধরনও। বাংলাদেশে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের প্রচলন এখন অনেকটাই কম। এমন সময়ে দীর্ঘ ১০ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ।
‘কেউ বুঝলো না’ শিরোনামের অ্যালবামটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। নয়টি গান নিয়ে সাজানো অ্যালবামটিতে ভিন্ন স্বাদের গান উপহার দেওয়ার চেষ্টা করেছেন কাজী শুভ।
অ্যালবামের গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান।
গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। অ্যালবামের সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।
দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বসিত কাজী শুভ। তিনি বলেন, ‘অনেক দিন পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। অডিওর এই বৈরী সময়ে ধ্রুব দা যে ঝুঁকিটা নিয়েছেন, তার জন্য দাদার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। কারণ তার এই উদ্যোগ দেশের অডিও শিল্পকে আরও সমৃদ্ধ করবে।’
অ্যালবামের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে কাজী শুভ বলেন, ‘অ্যালবামের নয়টি গানই নয় রকমভাবে করার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’
বাংলা সংগীতাঙ্গনের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমএসের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ।
তিনি বলেন, ‘বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ডিএমএস। সময়ের প্রবল স্রোতে যখন শ্রুতির জগত ক্রমশ দৃশ্যের কাছে তার পরিসর হারাচ্ছে, তখন বাংলা গানের স্বকীয়তা, ঐতিহ্য ও মায়াময় আবেশকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’
ডিএমএস সূত্রে জানা গেছে, শিগগিরই ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে ‘কেউ বুঝলো না’ অ্যালবামটি।
জ/উ