ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের মন্তব্যের কারণেও আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। এমনকি বাংলাদেশে সোনার গহনা পরেও চলাফেরাকে নিরাপদ মনে করেন না বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তানজিন তিশা।
তিশা বলেন, নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন অনেক সমস্যার মুখোমুখি হন, যেগুলো তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রেই এসব ঘটনাকে অন্যায় মনে হয় এবং ন্যায়বিচারও পাওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
তানজিন তিশার ভাষায়, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিশা বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয়ের পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে অভিনীত তাঁর আসন্ন সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
জ/উ