প্রকাশের মাত্র ছয় দিনেই ইউটিউবে এক কোটি ৭০ হাজারের বেশি ভিউ পেয়েছে নাটক ‘আপন পর’। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের প্রশংসা পাচ্ছে। বিশেষ করে এর গল্প ও অভিনেতা তৌসিফ মাহবুবের অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে বেশি আলোচনা দেখা যাচ্ছে।
রুবেল হাসানের পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। মুক্তির পর ‘আপন পর’ নিয়ে ইউটিউবে চার হাজারের বেশি দর্শক মন্তব্য করেছেন। মন্তব্যগুলোতে অনেকেই নাটকের আবেগঘন গল্প ও অভিনয়ের প্রশংসা করেছেন। কেউ কেউ জানিয়েছেন, নাটকটি দেখতে গিয়ে তাদের চোখে পানি চলে এসেছে।
নাটকটি দেখে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে এক দর্শক লিখেছেন, ‘১৩ বছর বয়সে আমাকে ফেলে চলে গেলেন আমার মা। এখন আমার বয়স ৪২। একই শহরে থাকেন আমার মা, কিন্তু একটা বারের জন্যও কথা বলেন না। আমি এই বুড়া বয়সেও আমার মায়ের জন্য চোখের পানি ফেলি, আমার নীরব কান্না।’
সুদীপ নামের একজন লিখেছেন, ‘পুরো নাটকজুড়েই ছিল চোখে জল। সত্যি মায়ের মতো কেউ হতে পারে না কখনোই। কিন্তু আমরা আমাদের মাকেই অবহেলা করে যাই সবসময়। ক্ষমা করে দিও মা আমাদের।’
লাবণ্য নামে আরেক দর্শক লিখেছেন, ‘পুরো নাটকজুড়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছিল যে আমার মা এখনো বেঁচে আছেন। যাদের মা দুনিয়াতে নেই, তারাই আসলে এই নাটকের কষ্টটা ফিল করতে পারবে। তৌসিফ মাহবুবের কান্নাটা এত রিয়েলিস্টিক লেগেছে, অসাধারণ গল্প।’
আল আমিন নামে এক দর্শক লিখেছেন, ‘কেঁদে ফেলেছি তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করল।’ সাইফুলের মন্তব্য, ‘অসাধারণ একটি বাস্তবধর্মী ও শিক্ষণীয় নাটক।’
সুমন লিখেছেন, ‘কলিজায় বড় ধরনের একটা হিট দিয়ে গেল আমাকে এই নাটকটি।’ পাভেল নামের আরেক দর্শকের ভাষ্য, নাটকটি দেখে তিনি পুরোপুরি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং তার কাছে চিত্রনাট্যটি দারুণ লেগেছে।
‘আপন পর’ নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এই নাটকের মাধ্যমেই প্রথমবার পর্দায় জুটি হিসেবে দেখা গেছে তাদের। প্রথম কাজেই দর্শকদের প্রশংসা পেয়েছেন দুই অভিনয়শিল্পী। নাটকটিতে আরও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান ও সাকিবা বিনতে আলী।
নাটকের নির্মাণশৈলীও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মাসুদ রানা নামের এক দর্শক লিখেছেন, ‘পরিচালক কতটা মেধাবী হলে এরকম পারিবারিক নাটক তৈরি করতে পারে। প্রত্যেকটা পয়েন্টে নিখুঁত উপস্থাপন।’
অয়ন সরকার লিখেছেন, ‘একটা নাটকের জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ড সাউন্ড কতটা গুরুত্বপূর্ণ, এটা এই নাটক না দেখলে বুঝবেন না, জাস্ট ওয়াও।’
আরেক দর্শকের মন্তব্য, ‘একটা নাটকে কিভাবে এত আবেগ আর কষ্ট মিশে থাকতে পারে, এই নাটক বাস্তব প্রমাণ। মনের অজান্তেই চোখে পানি চলে এসেছে। কী নিখুঁত অভিনয় করেছে সবাই। মিউজিক, টোন, চিত্র, পরিবেশ এক কথায় সবকিছু খুব অসাধারণ হয়েছে নাটকটা। আশা করি রেকর্ড ভিউ হবে।’
জ/উ