শুধু অভিনয় নয়, বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনযাপনের কারণেও বলিউডের আলোচিত তারকাদের একজন কারিনা কাপুর খান। গতকাল ২১ সেপ্টেম্বর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। ৪৬ বছরে পা দেওয়া কারিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। একই সঙ্গে জন্মদিনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার বিপুল সম্পদ, বাড়ি, গাড়ি ও বিলাসবহুল সামগ্রীর সংগ্রহ।
‘কাভি খুশি কাভি গাম’-এর ‘পু’ থেকে ‘জাব উই মেট’-এর ‘গীত’-বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দীর্ঘ ক্যারিয়ারে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন কারিনা। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন থেকেও মোটা অঙ্কের পারিশ্রমিক পান তিনি।
‘জিকিউ’-এর ২০২৩ সালের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি সিনেমায় অভিনয়ের জন্য কারিনা প্রায় ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন। ওই প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৮৫ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।
কারিনা ও তার স্বামী সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রায় রয়েছে প্রায় ৩ হাজার বর্গফুটের চারতলা বাড়ি ‘সতগুরু শরণ’। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ কোটি রুপি। ডিজাইনার দর্শিনী শাহের নকশা করা বাড়িটিতে পরিবারের বিভিন্ন স্মৃতি ও ভ্রমণ থেকে সংগ্রহ করা স্মারক দিয়ে সাজানো হয়েছে।
সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গস্টাদেও কারিনার একটি হলিডে বাংলো রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এর মূল্য প্রায় ৩৩ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।
গাড়ির প্রতিও কারিনার আগ্রহ রয়েছে। তার গাড়ির সংগ্রহে রয়েছে অডি কিউ৭, যার দাম প্রায় ৮৫ থেকে ৯৫ লাখ রুপি। রেঞ্জ রোভার স্পোর্টের মূল্য প্রায় ৯৯ লাখ রুপি। বিএমডব্লিউ এক্স৭-এর দাম প্রায় ১ কোটি ২২ থেকে ১ কোটি ২৫ লাখ রুপি। এ ছাড়া রয়েছে মার্সিডিজ-বেঞ্জ ই-ক্লাস, যার মূল্য প্রায় ৭৫ থেকে ৮৮ লাখ রুপি।
কারিনার গাড়ির তালিকায় রয়েছে মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাসও। এই গাড়িটির দাম শুরু প্রায় ১ কোটি ৭১ লাখ রুপি থেকে।
বিশ্বখ্যাত ডিজাইনার ব্র্যান্ডের হ্যান্ডব্যাগের প্রতিও কারিনার আগ্রহের কথা বলিউডে পরিচিত। তার সংগ্রহে রয়েছে শ্যানেল ফ্ল্যাপ ব্যাগ, যার দাম প্রায় ৮ লাখ ৪৮ হাজার রুপি। ক্রিস্টিয়ান ডিওরের একটি টোট ব্যাগের মূল্য প্রায় ২ লাখ ৯১ হাজার রুপি। এ ছাড়া লুই ভিটোর একাধিক ব্যাগও রয়েছে তার সংগ্রহে।
তবে কারিনার ব্যাগ সংগ্রহের অন্যতম আকর্ষণ হার্মিস বির্কিনের দুটি ব্যাগ। কালো ও তামাটে রঙের এই ব্যাগ দুটির সম্মিলিত মূল্য প্রায় ১৩ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া ওয়াইএসএল ও সেলিনের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের ব্যাগও নিয়মিত দেখা যায় অভিনেত্রীর সংগ্রহে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কারিনা কাপুর অভিনীত নতুন সিনেমা ‘দায়রা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। সূত্র: দ্য ওয়াল
জ/উ