দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি হঠাৎ প্রকাশ্যে এসে নিজের জীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেছেন। ঢালিউডের একসময়ের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছেন, জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন পপি। সেখানে জীবনের নতুন অধ্যায় নিয়ে নিজের ইচ্ছার কথা জানান তিনি।
পপির ভাষায়, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
অভিনেত্রীর এই বক্তব্যে অভিনয়ের অনিশ্চয়তার পাশাপাশি চলচ্চিত্রের ঝলমলে জীবন থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
তবে অভিনয়ে ফেরার বিষয়ে পপির অবস্থান সময়ের সঙ্গে কিছুটা বদলেছে। ২০২৫ সালে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেও যেকোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে ২০২৬ সালের সাম্প্রতিক সময়ে তার চলচ্চিত্রে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি প্রশংসিত বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শুটিং থেকে বিরতিতে ছিলেন পপি। এ সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ অনেকটা বন্ধ করে দেন জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর থেকেই তার হঠাৎ অন্তর্ধান নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। মিডিয়াপাড়ায় আলোচনা হয়, বিয়ে করে সংসারী হয়েছেন পপি।
পরবর্তী সময়ে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।
জ/উ